টেকনাফে গহীন পাহাড় থেকে ৫ জন ভুক্তভোগী উদ্ধার মানব পাচারকারী আটক ১!
দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের হাবিরছড়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৫ জন ভুক্তভোগী সহ ১ জন মানব পাচারকারীকে আটক করছ। আটককৃত পাচারকারী টেকনাফ সদর হাবিবছড়া ১নং ওয়ার্ড এলাকার আব্দুস সালামের ছেলে মোহাম্মদ হাসান (৫৫)। রবিবার (২৬ অক্টোবর) দুপুর ২ টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর। তিনি জানান, আটককৃত পাচারকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়সাগর পথে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে নারী ও শিশুসহ একদল মানুষকে টেকনাফের হাবিরছড়া এলাকার গহীন পাহাড়ে বন্দি করে রাখা হয়েছে। (২৬ অক্টোবর) রাত ২টার দিকে কোস্ট গার্ড ও নৌবাহিনীর একটি বিশেষ দল যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে ৪ জন নারী ও ১ জন শিশুসহ মোট ৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং একজন মানব পাচারকারীকে আটক করা হয়। উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া পাচারের ফাঁদে ফেলে। পাচারের আগে তাদের পাহাড়ি এলাকায় বন্দি করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের চেষ্টা চালানো হতো। তিনি আরো জানান, পাচারকারীরা পরবর্তী সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল থেকে বোটযোগে ভুক্তভোগীদের মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করেছিল। উদ্ধারকৃত ব্যক্তিদের ও আটক মানব পাচারকারীর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক