শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ তিন সাংবাদিকের নামে হয়রানিমূলক মামলার প্রতিবাদ
দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। জানা যায়, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, যুগ্ম সম্পাদক আশরাফুল আলম সরকার এবং দপ্তর সম্পাদক ফরহাদ আলম–এর নামে কোনো তদন্ত ছাড়াই ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সাংবাদিকদের দাবি, এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক। গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, এবং শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক এক যৌথ বিবৃতিতে মামলার নিন্দা জানান। তাঁরা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং পুলিশি হয়রানি বন্ধের আহ্বান জানান। উল্লেখ্য, শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসে জনৈক শাহাবুদ্দিন নামের এক ব্যক্তির জমি রেজিস্ট্রিকে কেন্দ্র করে সম্প্রতি একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে ওই তিন সাংবাদিক সেখানে গেলে একটি পক্ষের প্ররোচনায় ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে ৩০ অক্টোবর শ্রীপুর থানায় শাহাবুদ্দিনের মেয়ে বাদী হয়ে উক্ত তিন সাংবাদিকসহ মোট ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন