উপাচার্যসহ তিন কর্মকর্তার স্বাক্ষর জাল:আইকিউএসি কর্মী সাময়িক বরখাস্ত
দৈনিক বিজয় নিউজ পাবিপ্রবি প্রতিনিধিঃ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের স্বাক্ষর জালিয়াতি করে অর্থ উত্তোলনের অভিযোগে এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত মঙ্গলবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যদিও বিজ্ঞপ্তিটি ওইদিন স্বাক্ষরিত হলেও প্রকাশ্যে আসে শুক্রবার (৫ ডিসেম্বর)। বরখাস্ত হওয়া কর্মচারী মো. মাহফুজুর রহমান বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।
রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম জানান, আইকিউএসি কর্তৃক আয়োজিত বিভিন্ন ট্রেনিং ও ওয়ার্কশপের সম্মানী স্লিপে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসানের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী মাহফুজুর রহমান খোরপোষ ভাতা পাবেন। এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, তিনি উল্লিখিত শীর্ষ কর্মকর্তাদের স্বাক্ষর নকল করে বিভিন্ন সম্মানী স্লিপের মাধ্যমে প্রায় ৩৮ হাজার টাকা উত্তোলন করেছেন বলে অভিযোগ রয়েছে।
আইকিউএসি সেলের পরিচালক অধ্যাপক ড. শামীম রেজা বলেন, “আমি যতদূর জানি, মাহফুজ মোটামুটি ভালো মানুষ। অতিথিদের সম্মানী প্রদানে বিলম্ব হলে তিনি নিজেই তা পৌঁছে দিতেন। তবে কিছু অতিথি নির্ধারিত সময়ে সম্মানী না পাওয়ায় বিষয়টি তাঁর কাছে জানতে চাইলে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি এখন প্রশাসনিক তদন্তাধীন।” এ বিষয়ে অভিযুক্ত মাহফুজুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
দৈনিক বিজয় নিউজ/ ভাস্কর চন্দ্র রায়