ঠাকুরগাঁওয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইসসহ দুইজন আটক
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় প্রক্সি প্রদান ও নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের দায়ে দুই পরীক্ষার্থীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন ঠাকুরগাঁও সরকারি কলেজ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত তদারকি টিমের সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে প্রক্সি প্রদানকারী হিসেবে বোচাগঞ্জ থানার পশ্চিমপাড়া গ্রামের মো. আলম (৩০)–কে আটক করা হয়। তিনি অন্য এক পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে এসে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। অপরদিকে, নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইসসহ আটক করা হয় ঠাকুরগাঁও সদর থানার পুরাতন ঠাকুরগাঁও এলাকার আসাদ আলী (২৫)–কে। পরীক্ষা চলাকালীন তার কাছ থেকে অবৈধ ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রক্সি প্রদানকারী মো. আলমকে ১৫ দিনের কারাদণ্ড এবং ইলেকট্রনিক ডিভাইস বহনকারী আসাদ আলীকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশাদুল হক।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম