গোদাগাড়ীতে ককটেল তৈরির উপকরণ উদ্ধার, র‌্যাবের অভিযান

গোদাগাড়ীতে ককটেল তৈরির উপকরণ উদ্ধার, র‌্যাবের অভিযান
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকা থেকে ককটেল তৈরির বিপজ্জনক উপকরণ গান পাউডার ও কাঁচের গুড়া উদ্ধার করেছে র‌্যাব-৫, সিপিএসসি। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১ মার্চ) পরিচালিত এক বিশেষ অভিযানে এসব বিস্ফোরক উপাদান জব্দ করা হয়। র‌্যাব সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত গান পাউডার ও কাঁচের গুড়া ককটেলসহ বিভিন্ন দেশীয় বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে, যা জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। অভিযানের সময় এলাকায় আতঙ্ক সৃষ্টির সম্ভাব্য পরিকল্পনার আলামত পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে র‌্যাব ধারণা করছে, আসন্ন কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যেই এসব উপকরণ মজুদ করা হয়েছিল। উদ্ধারকৃত আলামতগুলো আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে র‌্যাব-৫, সিপিএসসি’র পক্ষ থেকে জানানো হয়, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো ধরনের অপরাধমূলক তৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা র‌্যাবের এ ধরনের তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন এবং নিয়মিত নজরদারি আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন