রাজশাহীর মেহেরচন্ডীতে এতিম ওয়ারিশদের সম্পত্তি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
রাজশাহী মহানগরীর মেহেরচন্ডী এলাকায় পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে প্রকৃত ওয়ারিশদের অংশ বুঝিয়ে না দেওয়া এবং প্রাণনাশের হুমকির গুরুতর অভিযোগ উঠেছে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার দাবি করেছে, দীর্ঘদিন ধরে তারা ভয়ভীতি, হয়রানি ও নির্যাতনের শিকার হয়ে আসছে। ভুক্তভোগী মর্জিনা বেগম, স্বামী- কামরুজ্জামান, পিতা- মৃত নাজমুল হক, মাতা- মৃত জিন্নাতুন নেসা, সাং- মেহেরচন্ডী থান্ডারপাড়া, চন্দ্রিমা থানা এলাকায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, তার পিতা ২০২০ সালে এবং মাতা ২০১৯ সালে মৃত্যুবরণ করার পর থেকেই তাদের পৈতৃক সম্পত্তি আত্মসাতের অপচেষ্টা শুরু হয়। অভিযোগ সূত্রে জানা যায়, মৃত নাজমুল হকের ওয়ারিশ হিসেবে রয়েছেন মাত্র দুই মেয়ে মর্জিনা বেগম ও সাগরীকা এবং এক ছেলে রবিউল ইসলাম। অসহায় এই দুই বোন ও এক ভাইকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে অভিযুক্তরা পুরো সম্পত্তি জোরপূর্বক ভোগদখল করে আসছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, মৃত নাজমুল হকের ভাই রেজাউল ও হানিফের পরিবারকেও সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ করা হয়েছে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন বাবলু আলী, হাইদার আলী, এরশাদ আলী—সকলের বাড়ি মেহেরচন্ডী উত্তরপাড়া, চন্দ্রিমা, এবং বাক্কার আলী, শহিদুল আলী ও শাজাহান আলী, সাং- খড়খড়ি, চন্দ্রিমা। অভিযোগে বলা হয়, তারা দীর্ঘদিন ধরে মৃত নাজমুল হক, তার ভাই রেজাউল ও হানিফের সম্পত্তি বেআইনিভাবে দখল করে রেখেছে। ভুক্তভোগীদের দাবি, তারা যখনই তাদের প্রাপ্য অংশ বুঝে নিতে চেষ্টা করেছেন, তখনই অভিযুক্তরা সংঘবদ্ধভাবে বাধা প্রদান করেছে। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ, মারধরের হুমকি এবং প্রাণনাশের ভয় দেখানো হয়। এমনকি ওয়ারিশদের এলাকা ছাড়ার জন্যও চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
পরিবারটির আরও অভিযোগ, স্থানীয় কিছু অসাধু ও প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় অভিযুক্তরা বেপরোয়া হয়ে উঠেছে। আইন ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা জোরপূর্বক সম্পত্তি দখলে রাখতে নানা ধরনের ষড়যন্ত্র ও পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। ফলে ভুক্তভোগী পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। মর্জিনা বেগম বলেন,আমরা বারবার শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করেছি। কিন্তু তারা আমাদের ন্যায্য অধিকার দিতে চায় না। উল্টো আমাদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা এখন চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে আছি।” এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একইসঙ্গে ভুক্তভোগী এতিম ওয়ারিশদের পৈতৃক সম্পত্তি বুঝিয়ে দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন তারা।
দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন