বাইশারীতে অস্থায়ী পশুর হাট নিয়ে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি!
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে শাহাবুদ্দিন ও মোবারক ইজারাদার পরিচালিত অস্থায়ী পশুর হাটকে কেন্দ্র করে স্থানীয় খামারি ও গরু ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ এবং অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত সুষ্ঠু সমাধানের জন্য জেলা ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি জানিয়েছেন এলাকার ছোট-বড় খামার ব্যবসায়ীরা। স্থানীয় সূত্রে জানা যায়, হাটে গরুর রশিদ ও অতিরিক্ত টাকা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ রয়েছে, প্রতিটি গরুর রশিদে নির্ধারিত টাকার চেয়ে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে, যা নিয়ে প্রায়ই ব্যবসায়ীদের সঙ্গে ইজারাদার পক্ষের কথা কাটাকাটি ও উত্তেজনার ঘটনা ঘটছে। এ বিষয়ে শাহাবুদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাইশারীর এই পশুর হাট ছোট হওয়াতে আমি ভীষণ লসে আছি। এখানে কোনো চেকপোস্ট না থাকায় অনেকেই আমার কাছ থেকে গরুর রশিদ নিতে চাচ্ছে না। রশিদ ছাড়াই এখান থেকে অহরহ গরু পাচার হচ্ছে।
এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বলেন, স্থানিয় গরুর ব্যবসায়ীদের সঙ্গে একাধিকবার কথা কাটাকাটি হয়েছে। একপর্যায়ে তারা এখানে গরু তুলতেও সাহস পাচ্ছে না। এবং গোপনে বার্মিজ গরুর পাচারের জন্য রশিদ বিক্রি করছেন। অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীদের দাবি, শাহাবুদ্দিন ও মোবারক বাইশারীর স্থায়ী বাসিন্দা না হওয়ায় তারা স্থানীয়দের মতামত ও সমস্যাকে গুরুত্ব দিচ্ছেন না। এতে করে হাট ব্যবস্থাপনা নিয়ে দিন দিন অসন্তোষ বাড়ছে। এলাকার খামারি ও ব্যবসায়ীরা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ঈদকে সামনে রেখে পশুর হাটে স্বাভাবিক পরিবেশ বজায় থাকে এবং ব্যবসায়ীরা নির্বিঘ্নে বেচাকেনা করতে পারেন।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি