নাইক্ষ্যংছড়ি'র ঘুমধুম ইউনিয়নের ২ শতাধিক পরিবার পানিবন্দি।
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
নাইক্ষ্যংছড়ি'র ঘুমধুম ৩ দিনের টানা বর্ষণে পাহাড়ি ঢলে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছে ২ শতাধিক পরিবার। স্থান ভেদে দেখা মিলেছে পাহাড় ধস। বুধবার (৩১ জুলাই) অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে ঘুমধুম ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হওয়া ২ শতাধিক পরিবারের দুর্ভোগ চরম পর্যায়ে।
সরজমিন ঘুরে দেখা গেছে, ইউপির ১ নম্বর ওয়ার্ডের পশ্চিমকূল, ক্যাম্প পাড়া, ঘোনার পাড়া, হিন্দু পাড়া, বাজার পাড়া, ২ নম্বর ওয়ার্ডের কোনার পাড়া, মধ্যম পাড়ার মানুষ পানিবন্দি হওয়াতে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি সংকটসহ প্রয়োজনীয় খাবার ব্যবস্থা। এদিকে ইউনিয়নের বিভিন্ন সড়কে পাহাড় ধসের সাথে বড় বড় গাছ উপড়ে পড়াতে এবং রাস্তার উপরে ঢলের পানি প্রবাহিত হওয়ার ফলে যানচলাচল বন্ধ রয়েছে। পাহাড় ধসে সর্বোচ্চ ঝুকিতে রয়েছে তুমব্রু পশ্চিমকূল গলাছিড়া নামক স্থানের পাহাড়ের উপর বসবাসত নুরুল কবির, গোরামিয়া, বাজার পাড়ার ফরিদ আলমসহ ৫-৬টি পরিবার।
নুরুল কবির বলেন, গতকাল রাত ৮টার দিকে পাহাড়ের একটি অংশ ধসে রাস্তার উপরে পড়ে এবং ২য় ধাপে বাড়ির বারান্দা বরাবরই সকালের দিকে পাহাড় ধসে পড়াতে খুব বেশি আতঙ্কে দিন কাটছে। রাস্তাটি প্রশস্থ করার সময় পাহাড়টি খাড়া করে কর্তন করাতে আজকে এই দিন দেখতে হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক বলেন, রাস্তার দুই পাশে যদি টেকসই গাইডওয়াল দেওয়া হয় পরবর্তী বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে বাচঁতে পারে আতঙ্কিত পরিবারগুলো।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি