ঠাকুরগাঁওয়ে আলু চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
চলতি বছরে আলুর দাম বেশি পাওয়ায় এবার আলু চাষে ঝুঁকছে ঠাকুরগাঁওয়ের চাষীরা। কিন্তু বীজসহ আলু চাষের আনুষঙ্গিক খরচ বৃদ্ধি পাওয়ায় হিমসিম খাচ্ছে চাষিরা। প্রতিবছর আমন ধান কর্তন পর পরই আলু চাষের জন্য জমি প্রস্তুত ও রোপন কাজে ব্যস্ত সময় পার করতেছে চাষীরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র মতে জেলায় চলতি মৌসুমে ২৭ হাজার ৫০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত আগাম চাষ হয়েছে ২ হাজার ৭০০ হেক্টর জমিতে।
জানা যায়, এ বছর কৃষকেরা বাইরে থেকে আলুর বীজ কিনছেন ৮০-৮৫ টাকায়। যা গত বছরের তুলনায় বেড়েছে ২৫-৩০ টাকা। এক মৌসমের আগের হিসেবে এই দাম দ্বিগুণের বেশি। এ ছাড়া সারের বস্তাপ্রতি দাম বেড়েছে ২০০ টাকা পর্যন্ত। অতিরিক্ত সেচ ও কীটনাশক খরচের ফলে উৎপাদন ব্যয় হচ্ছে অস্বাভাবিক। আগে যেখানে বিঘাপ্রতি উৎপাদন ব্যয় ছিল ৪০ হাজার টাকা। সেই ব্যয় বেড়ে এখন বিঘাপ্রতি খরচ হচ্ছে ৭০ হাজার টাকা।
এবার সরকারি যে আলুর বীজ সরবরাহ করা হচ্ছে; সেই আলুর বীজ জাতভেদে ৫৭ টাকা থেকে শুরু করে ৬৬ টাকা পর্যন্ত কেজি নির্ধারণ করা হয়েছে। কিন্তু চাহিদার তুলনায় বীজ অপ্রতুল। সূত্র জানায়, ২০-২৫ শতাংশ আলুর বীজ উৎপাদন করে বিএডিসি। বাকি আলু কৃষক তাদের ঘরে রাখেন ও বেসরকারি বিভিন্ন এনজিও ও প্রতিষ্ঠান উৎপাদন করে। সরকারি আলুর বীজ পর্যাপ্ত না হওয়ায় কৃষক বাধ্য হয়ে বেশি দামে কিনে থাকেন। গত বছর আলুর বীজ ৫০-৬০ টাকায় কিনতে পেরেছিলেন। যা আগের মৌসুমে ছিল ৩০-৩৫ টাকা। তবে সেই বীজ এবার ৮০-৮৫ টাকা পর্যন্ত কিনতে হচ্ছে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম