রাজশাহীতে বাংলাদেশ জামায়াতে ইসলামিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে
দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে শনিবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মহানগরীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে দেড় দশক পর এই সম্মেলন করার অনুমতি পেয়েছে জামায়াত। দলটির পক্ষ থেকে শনিবারের সম্মেলনে প্রায় লক্ষাধিক নেতাকর্মীর সমবেত হওয়ার আশা করা হচ্ছে। রাজশাহী জেলা ও মহানগর জামায়াত যৌথ আয়োজনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়াও কেন্দ্রীয় অন্য নেতারা উপস্থিত থাকবেন। কর্মী সম্মেলনের প্রস্তুতির সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করতে আজ শুক্রবার সকালে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের আমীর ড. মাওলানা কেরামত আলী, সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমনসহ অন্য নেতারা মাঠ পরিদর্শন করেন।
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমীর ড. মাওলানা কেরামত আলী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের সমাবেশ তো দূরের কথা, একটি সভা করারও অনুমতি দেয়নি। দীর্ঘ ১৫ বছর পর আমরা এমন সম্মেলন আয়োজন করতে পেরেছি। সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এই সম্মেলনে জেলা ও মহানগর থেকে লক্ষাধিক নেতাকর্মী আসবেন। আমীরে জামায়াত তাদের দিক নির্দেশনা দেবেন। কর্মী সম্মেলন ছাড়াও শনিবার দুপুরে চিকিৎসক সমাবেশ এবং বিকাল ৩টায় মহিলা সদস্য সমাবেশ অনুষ্ঠিত হবে। একইদিন বাদ মাগরিব ব্যবসায়ীদের নিয়ে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও দলটি জানিয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রাজিব খাঁন