ফার্নিচারের দোকান থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

ফার্নিচারের দোকান থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি: আল আমিন (সিনিয়র সাংবাদিক)

দৈনিক বিজয় নিউজ গাজিপুর শ্রীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরের একটি কাঠের দোকান থেকে বাবুল মিয়া নামে এক কাঠ নকশাকারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত বাবুল মিয়া (৩৫) শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার চাওলিয়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুরে বরমী বাজারের নুর মোহাম্মদের বাড়িতে ভাড়ায় থেকে কাঠের নকশাকারের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় লোকদের সাথে কথা বলে জানা যায়, প্রায় ২০ বছর আগে বরমী বাজারে এসে নকশা মিস্ত্রির কাজ শুরু করেন বাবুল মিয়া। তিনি বরমীর পাঠানটেক কাঠমহলে রুহুল আমিনের দোকান ভাড়া নিয়ে প্রায় চার বছর যাবত ব্যবসা শুরু করেন। ওই দোকানে ব্যবসার সুবাধে মাঝেমধ্যেই সেখানে রাত যাপন করতেন তিনি। রাতে বাড়ি থেকে খাবার খেয়ে আবার দোকানে ঘুমাতেন। সোমবার ভোর পাঁচটায় বাসা থেকে বের হয়ে দোকানে যান। পরে সকাল ৯ টার দিকে সেখানেই তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় দোকানের কর্মচারী। সেসময় দোকানের একটি শাটার খোলা ছিল। পরে পরিবারের লোকজনকে জানিয়ে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে। তিনি ঋণগ্রস্ত ছিলেন। ঋণের চাপে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

নিহতের চাচা বলেন, সোমবার সারাদিন কাজ শেষে রাত একটার দিকে বাসায় যান বাবুল মিয়া। জরুরী কাজ আছে ভোর রাতে দোকানে চলে যান তিনি। সকাল দশটার দিকে দোকানে ঝুলন্ত অবস্থায় তার লাশ রয়েছে বলে খবর পাই। তার পারিবারিক কোনো বিরোধ ছিল না। কিন্তু মানুষ তার কাছে টাকা পাইতো বলে শুনেছি। তবে, কি কারণে সে মারা গেছে বলতে পারতেছি না।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন,' খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। তবে, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট হাতে পেলে এবং নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।'

দৈনিক বিজয় নিউজ/ আল আমিন (সিনিয়র সাংবাদিক)