"ফিলিস্তিনিদের বাঁচাতে এখনই সময়, ‘বিলম্বের সুযোগ নেই’"
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা ও পশ্চিম তীরে দমন-পীড়নের মধ্যেই ফিলিস্তিনিদের রক্ষায় সময় দ্রুত ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের ফিলিস্তিন-বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ। তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিকে উদ্ধৃত করে মিডল ইস্ট মনিটর এ খবর প্রকাশ করেছে।
আলবানিজের বক্তব্য, "জানুয়ারি থেকে ইসরায়েল যুদ্ধবিরতির কোনো চুক্তিই পুরোপুরি মানেনি। আন্তর্জাতিক সম্প্রদায় সরাসরি হস্তক্ষেপ না করলে তাদের যুদ্ধাপরাধ বন্ধ হবে না।"
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের মামলা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি যোগ করেন, "আমি আর কোনো আদালত থেকে ন্যায়বিচারের আশা করি না। নেতানিয়াহুকে ‘লাল গালিচা’ সংবর্ধনা দিতে সবাই ব্যস্ত।"
তিনি আরও উল্লেখ করেন, "অনেক পশ্চিমা ও ইউরোপীয় দেশ নেতানিয়াহুকে আমন্ত্রণ জানাচ্ছে এবং ICC-এর গ্রেপ্তারি পরোয়ানাকে উপেক্ষা করছে।" আলবানিজের অভিযোগ, ইসরায়েল গাজা ও পশ্চিম তীরের আরও জমি দখল করে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার মাধ্যমে সম্প্রসারণবাদী এজেন্ডা এগিয়ে নিচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, "ইসরায়েল ইউরোপের দুর্বলতা ও যুক্তরাষ্ট্রের সমর্থনকে কাজে লাগিয়ে শুধু ফিলিস্তিন নয়, পুরো মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করতে চাইছে। লেবানন ও সিরিয়ায় তাদের আক্রমণই এর প্রমাণ। এটা ভাবা ভুল যে তারা এখানেই থামবে।"
আলবানিজের দাবি, "ইসরায়েল স্পষ্ট করেছে—ভূমধ্যসাগর থেকে জর্দান নদী পর্যন্ত এলাকায় তারা ইহুদি আধিপত্য চায়।" এ অবস্থায় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়ে বলেন, "দখল, গণহত্যা ও বর্ণবাদ বন্ধ করতে আইনী ব্যবস্থা নিন। কিন্তু এর জন্য প্রয়োজন রাজনৈতিক ইচ্ছা, যা এখন অনুপস্থিত।"
জাতিসংঘের এই উচ্চপদস্থ কর্মকর্তার বক্তব্য ফিলিস্তিন সংকটে বৈশ্বিক নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা হিসেবে উঠে এসেছে। সময় যত গড়াচ্ছে, মানবিক বিপর্যয় ততই গভীর হচ্ছে—এই তাঁর মূল বার্তা।
দৈনিক বিজয় নিউজ/ এমই