ট্রাম্প প্রশাসনে থাকা অবস্থায় ইলন মাস্ক পদত্যাগ করেছেন
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার (২৮ মে) তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন, ট্রাম্পের স্বাক্ষরিত একটি বড় আর্থিক বিল নিয়ে মতপার্থক্যের পরই তার এই সিদ্ধান্ত আসে। বৃহস্পতিবার (২৯ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে ফিরে আসার পর মাস্ককে তার বিশেষ উপদেষ্টা নিযুক্ত করেন। এছাড়া, প্রশাসনের ‘বিশেষ সরকারি কর্মচারী’ (ডিওজিই) হিসেবে তার জন্য আলাদা একটি দপ্তরও গঠন করা হয়। তবে বুধবার এক্স (টুইটার) পোস্টে মাস্ক জানান, তার দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে। তিনি লিখেন, “বিশেষ সরকারি কর্মচারী হিসেবে আমার কাজের সময়সীমা সম্পন্ন হয়েছে। অপচয় কমানোর সুযোগ দেওয়ার জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই।”
মাস্ক আরও উল্লেখ করেন, “সরকারি দক্ষতা বিভাগ (ডিওজিই) ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এবং এটি পুরো সরকারের কার্যপদ্ধতিতে রূপ নেবে।” দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই উদ্যোক্তা ট্রাম্পের নতুন ব্যয়বহুল বিলের সমালোচনা করে বলেন, এটি বাজেট ঘাটতি বাড়াবে এবং ডিওজিই-এর কার্যক্রমকে ব্যাহত করবে। ইতিমধ্যে হাজারো কর্মী ছাঁটাইয়ের কথাও তিনি উল্লেখ করেন। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এই বিশাল ব্যয়বরাদ্দ দেখে আমি হতাশ। এটি শুধু ঘাটতিই বাড়াবে না, ডিওজিই টিমের কাজেও বাধা সৃষ্টি করবে।”
বিশ্লেষকদের ধারণা, মাস্কের এই সিদ্ধান্তের পেছনে তার ব্যবসায়িক স্বার্থও কাজ করছে। ডিওজিই-এর কার্যক্রমের কারণে তার কোম্পানি টেসলা রাজনৈতিক বিতর্কে জড়িয়েছিল, যা বিক্রিতে নেতিবাচক প্রভাব ফেলেছিল।
দৈনিক বিজয় নিউজ/ এমই