নাইক্ষংছড়ি'র রেজুআমতলী সীমান্তে ৯০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক!
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
নাইক্ষংছড়ি'র রেজুআমতলী সীমান্তে কক্সবাজার ব্যাটালিয়নের ৩৪ বিজিবির বিশেষ অভিযানে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ৯০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর দেড়টার দিকে সীমান্তের হাজমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ওই এলাকা দিয়ে মাদক পাচারের একটি বড় চালান আসতে পারে। গোপন তথ্যের ভিত্তিতে রেজুআমতলী বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্তে কৌশলগতভাবে অবস্থান নেয়। পরবর্তীতে দুপুর ২টার দিকে দুইজন নারী একটি ব্যাগ নিয়ে অগ্রসর হলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় ব্যাগটি ফেলে পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—এফডিএমএন ক্যাম্প-‘সি’ ব্লকের বাসিন্দা মোছাঃ গোলজাহার (৩৩), স্বামী মৃত খাইরুল বাশার এবং মোছাঃ কুলছুমা (২৯), স্বামী কামাল হোসেন। তারা উভয়েই কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পের বাসিন্দা। পরবর্তীতে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া ব্যাগ থেকে ৯০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেন। এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এই অভিযানে দুই মাদক পাচারকারী নারীকে আটক করে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।” উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি