পাথর ছুঁড়ে ভাঙারি ব্যবসায়ী হত্যা: পুরান ঢাকায়, আটক ২
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের নিকটে রজনী ঘোষ লেনে বুধবার (১০ জুলাই) সন্ধ্যায় ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগ (৩৯) আলোচিত লাল চাঁদ নামে পরিচিতকে পাথর মেরে হত্যা করা হয়েছে। পুলিশ যুবদল নেতা মঈন ও জনিসহ দুজনকে আটক করেছে। নিহত কেরানীগঞ্জের পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে ও দীর্ঘদিন ধরে সেখানকার ভাঙারি ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসার নিয়ন্ত্রণ বা চাঁদাবাজি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের বন্ধু মামুনের অভিযোগ, মঈন মাসিক চাঁদা দাবি করত; টাকা না দেয়ায় হুমকি দিত। বুধবার সন্ধ্যায় মঈনসহ ৪-৫ জন সোহাগকে নির্মমভাবে পাথর মেরে হত্যা করে।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, অনেকে একে ২০১২ সালের বিশ্বজিৎ হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি বলে মন্তব্য করেছেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, ব্যবসায়িক বিরোধকে হত্যার কারণ হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং তদন্ত চলছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ