বগুড়ায় আরএমটিপি প্রকল্পের আইওটি-বেজড মিল্ক অ্যানালাইজার ডিভাইসের উদ্বোধন: দুগ্ধশিল্পে নতুন দিগন্তের সূচনা
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
বগুড়া: আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), ডানিডা এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহায়তায় ও দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পযায়ের বে-সরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়িত "নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন" (আরএমটিপি) উপ-প্রকল্পের আওতায় দুগ্ধশিল্পে আধুনিক প্রযুক্তির ছোঁয়া লেগেছে। এর অংশ হিসেবে আইওটি-বেজড মিল্ক অ্যানালাইজার ডিভাইসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার, ১৬ আগস্ট, বগুড়ার নাড়ুয়ামালা হাটে অবস্থিত আবির এন্টারপ্রাইজের মিল্ক চিলিং সেন্টারে এই উদ্ভাবনী ডিভাইসটির শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মো. রফিকুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, "আধুনিক প্রযুক্তির এই পদক্ষেপ দেশের দুগ্ধশিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এই ডিভাইস ব্যবহারের ফলে দুধের মান যাচাই প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুত হবে, যা দুগ্ধ উৎপাদনকারী, ব্যবসায়ী এবং ভোক্তাদের জন্য সমানভাবে উপকারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় বে-সরকারি উন্নয়ন সংস্থা গাক-এর নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, "আইওটি বেজড মিল্ক অ্যানালাইজার ডিভাইস শুধু দুধের মান যাচাইয়েই সীমাবদ্ধ থাকবে না, বরং ভবিষ্যতে দুগ্ধ উৎপাদন ও বিপণন ব্যবস্থাপনায়ও স্বচ্ছতা আনবে। এর মাধ্যমে খামারিরা তাদের দুধের ন্যায্যমূল্য পাবেন এবং ভোক্তারা বিশুদ্ধ ও নিরাপদ দুধের সরবরাহ সম্পর্কে নিশ্চিত হবেন। এটি দুগ্ধশিল্পের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গাক-এর সিনিয়র পরিচালক ড. মাহবুব আলম এই উপ-প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন এবং এর গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্পটি কাজ করছে। তারই অংশ হিসেবে আধুনিক প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ হিসেবে প্রাথমিকভাবে ১০টি আইওটি-বেজড মিল্ক অ্যানালাইজার ডিভাইস স্থাপন করা হবে। এই ডিভাইসগুলো দুধের ফ্যাট, প্রোটিন, ল্যাকটোজ, ঘনত্ব এবং পানি মিশ্রণের মতো গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলো তাৎক্ষণিকভাবে বিশ্লেষণ করতে সক্ষম। এর ফলে দুধের গুণগত মান নিশ্চিত করা সহজ হবে এবং দুগ্ধ সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়া আরও উন্নত হবে।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর আরএমটিপি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ হাবিবুর রহমান, গাক-এর যুগ্ম-পরিচালক মোঃ রবিউল ইসলাম, সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদার, ইউনাইটেড সফটওয়্যার-এর স্বত্বাধিকারী মোঃ তাজাম্মুল, প্রকল্প ব্যবস্থাপকসহ স্থানীয় দুগ্ধ প্রক্রিয়াজাতকারী, দুধ ব্যবসায়ী, গোয়ালা, খামারি এবং অন্যান্য উদ্যোক্তাবৃন্দ। এই ডিভাইসগুলো সফলভাবে স্থাপন করা হলে এটি দেশের দুগ্ধশিল্পের প্রবৃদ্ধি, গুণগত মান বৃদ্ধি এবং একটি টেকসই বাজার ব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, নানা শ্রেণির মানুষ, ব্যবসায়ী উদ্দ্যোক্তা ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান