শ্রীপুরে উচ্ছেদ অভিযানে সার্ভেয়ারকে গণধোলাই, আহত ২

শ্রীপুরে উচ্ছেদ অভিযানে সার্ভেয়ারকে গণধোলাই, আহত ২
ছবি: মো: আল আমিন

দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১নং সি অ্যান্ড বি বাজার এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উচ্ছেদ অভিযানের সময় উত্তেজিত জনতা এক সার্ভেয়ারকে গণধোলাই দিয়েছে। এতে দু’জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরীর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় সওজ সার্ভেয়ার রবিউল আলমের এক অফিস সহকারীর সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা তাদের ঘেরাও করে মারধর করে। পরে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত দু’জনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, অভিযানে বৈষম্য করা হয়েছে এবং নির্দিষ্ট কয়েকজনের স্থাপনায় জোরপূর্বক ব্যবস্থা নেওয়া হলেও অন্যদের ক্ষেত্রে শিথিলতা দেখানো হয়েছে। উচ্ছেদ অভিযানে সওজের প্রকৌশলী খন্দকার শরিফুল আলম, শ্রীপুর থানা ও মাওনা হাইওয়ে থানার পুলিশ সদস্য, ফায়ার সার্ভিস এবং পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী জানান, গত ২৮ আগস্ট গাজীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি বাজার থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত চার কিলোমিটার এলাকাজুড়ে সওজ অধিগ্রহণকৃত জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। পরবর্তীতে মাইকিং করে ব্যবসায়ীদের নিজ নিজ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছিল। তিনি আরও বলেন, নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে আমরা কাজ শুরু করেছি। এ অভিযান চলমান থাকবে। তবে আজকের ঘটনায় কারা জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন