বগুড়ায় পক্ষাঘাতগ্রস্তদের স্বাভাবিক জীবনে ফেরাতে একসাথে কাজ করবে টিএমএসএস ও সিআরপি
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
পক্ষাঘাতগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে একযোগে কাজ করার লক্ষ্যে দেশের শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এবং সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড (সিআরপি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার ফলে এখন থেকে টিএমএসএস ও সিআরপি যৌথভাবে পক্ষাঘাত গ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন ও জীবনমান উন্নয়নে কাজ করবে। বগুড়ার ঠেঙ্গামারা এলাকায় অবস্থিত টিএমএসএস ফাউন্ডেশন অফিস কার্যালয়ে গতকাল এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।টিএমএসএস-এর পক্ষে বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদ, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত বিশিষ্ট নারী উদ্যোক্তা ব্যক্তিত্ব আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম এবং সিআরপি-এর পক্ষে এর প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ভ্যালেরি অ্যান টেইলর এমবিই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এই সমঝোতার প্রধান লক্ষ্য হলো দেশের পক্ষাঘাতগ্রস্ত মানুষদের জন্য একটি সমন্বিত পুনর্বাসন ব্যবস্থা গড়ে তোলা। টিএমএসএস-এর হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে সিআরপি-এর অভিজ্ঞ থেরাপিস্ট ও চিকিৎসকদের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ থেরাপি প্রদান করা হবে। পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এতে করে তারা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়ে সমাজের মূলধারায় ফিরতে পারবে। পক্ষাঘাতের কারণ, প্রতিকার এবং পুনর্বাসন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে যৌথভাবে বিভিন্ন সেমিনার, কর্মশালা ও প্রচারণার আয়োজন করা হবে।
পক্ষাঘাতগ্রস্তদের জন্য নতুন নতুন প্রযুক্তি ও চিকিৎসা পদ্ধতির গবেষণা ও উন্নয়নে উভয় প্রতিষ্ঠান একে অপরকে সহযোগিতা করবে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম বলেন, "টিএমএসএস দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে আসছে। যা লাভের আশায় নহে সেবার মনোভাব নিয়েই সারা দেশের মানুষের মধ্যে নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। সিআরপি-এর মতো একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে আমরা এখন পক্ষাঘাতগ্রস্ত মানুষদের জন্য আরও কার্যকর সেবা প্রদান করতে পারব। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ হাজার হাজার পক্ষাঘাতগ্রস্ত মানুষের জীবনে আশার আলো জ্বালাবে।
ভ্যালেরি টেইলর তার বক্তব্যে বলেন, পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন একটি জটিল এবং দীর্ঘ প্রক্রিয়া। টিএমএসএস-এর মতো একটি বৃহৎ নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে আমরা এখন এ দেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের সেবা পৌঁছে দিতে পারব। এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা একটি অন্তর্ভুক্তিশীল সমাজ গড়তে পারব, যেখানে কোনো মানুষ তার শারীরিক অক্ষমতার কারণে পিছিয়ে থাকবে না। এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএস-এর উপদেস্টা আয়শা বেগম, উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, সিআরপি-এর নির্বাহী পরিচালক ড. মোঃ সোহরাব হোসেন এবং উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা প্রমুখ। অনুষ্ঠান শেষে টিএমএসএস ও সিআরপি-এর এই নতুন যাত্রাকে স্বাগত জানানো হয়। এই সমঝোতার ফলে এখন থেকে টিএমএসএস ও সিআরপি যৌথভাবে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের জন্য কাজ করবে। এটি দেশের পক্ষাঘাতগ্রস্ত জনগোষ্ঠীর জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। এ সময় টিএমএসএসের ও সিআরপি সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, নানা শ্রেণি পেশার মানুষ, টিএমএসএসের নিবাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান ও মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান