ঠাকুরগাঁওয়ে আট বছর পর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সোমবার
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
দীর্ঘ আট বছর পর আগামী সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বি-বার্ষিক সম্মেলন। এ উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তবে প্রার্থী, কাউন্সিলর ও স্থানীয় নেতৃবৃন্দ সবাই তাকিয়ে আছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিদ্ধান্তের দিকেই। রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনা—সম্মেলনের মাধ্যমে কারা আসছেন নেতৃত্বে। দীর্ঘদিন নানা প্রতিবন্ধকতার কারণে সম্মেলন করা সম্ভব না হলেও পরিবর্তিত পরিস্থিতিতে এবারের আয়োজনকে ঘিরে জমকালো পরিবেশ সৃষ্টি হয়েছে। শহরের বিভিন্ন স্থানে ঝুলছে সম্ভাব্য প্রার্থীদের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। আট বছর ধরে হামলা, মামলা, নির্যাতন ও কারাবরণে জর্জরিত নেতাকর্মীরা এই সম্মেলনকে ঘিরে ফিরে পেয়েছেন নতুন প্রাণচাঞ্চল্য।
সম্মেলন উপলক্ষে ইতোমধ্যেই মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। শহরের নানা স্থানে সাজসজ্জায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়েছে কঠোর প্রস্তুতি। জেলা বিএনপির নেতারা বলছেন, দলের মহাসচিবের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। তারা চান—দলের দুর্দিনে যারা ত্যাগ স্বীকার করেছেন, নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন হোক। একইসঙ্গে নতুন নেতৃত্ব যেন সম্মেলনের মাধ্যমে সংগঠনকে পুনরুজ্জীবিত করে আগামী জাতীয় নির্বাচনে বিজয়ের পথে ভূমিকা রাখতে পারে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম