বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় লাশ দাফনের সময় দুই তরুণের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
দৈনিক বিজয় নিউজ বরিশাল নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় লাশ দাফনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই তরুণের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন একই গ্রামের আবুল হাওলাদারের পুত্র সরোয়ার হাওলাদার (২২) ও চান্দু সিকদারের পুত্র ফিরোজ সিকদার (২০)। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বজনদের বরাতে জানা যায়, রঘুনাথপুর এলাকার প্রবীণ ব্যক্তি আনিস হাওলাদার (৭০) বার্ধক্যজনিত কারণে মারা যান। আসরের নামাজ শেষে বিকেলে তাকে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। লাশ কবরে নামানোর সময় স্টিলের খাটিয়াটি পাশে লিকেজ থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তা বিদ্যুৎযুক্ত হয়ে ওঠে। এ সময় চারজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন উদ্ধার করে আহতদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সরোয়ার ও ফিরোজকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, সরোয়ার ছিলেন মৃত আনিস হাওলাদারের নাতি। আহত অন্য দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দৈনিক বিজয় নিউজ/ ই