চায়না দুয়ারি জাল গিলে খাচ্ছে বিলের জলজ প্রাণী
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার নদী, খাল ও বিল জুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী চায়না দুয়ারী জাল। যাতে আটকা পড়ে ধ্বংস হচ্ছে বিলের প্রাকৃতিক জীববৈচিত্র্য। আটকা পড়া জলজ প্রাণীরা এই জালের ভিতরে একবার ঢুকলে আর বের হতে পারে না, পরবর্তীতে ধুঁকে ধুঁকে মারা যায়।উপজেলা বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এই চায়না দুয়ারী জালের ফাঁদে ছোট বড় সব ধরনের মাছ, জলজ প্রাণী—যেমন কচ্ছপ ব্যাঙ এমনকি সাপও আটকে যায়। ভেতরে ঢুকে আর বের হতে না পারায় প্রাণীগুলোর মর্মান্তিক মৃত্যু হচ্ছে যা জীব বৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। এলাকার জমি ও খাল বিল সর্বত্রই এই জালের ফাঁদ পেতে রাখা হয়েছে। এতে বিলুপ্তির পথে দেশীয় মাছ।
হাসান বলেন, প্রশাসনের উচিত কঠোর ব্যবস্থা নেওয়া। অনেকেই মনে করছেন প্রশাসনের নীরবতার কারণে বেপরোয়া হয়ে উঠছে অসাধু মাছ শিকারীরা। সাদকপুর গ্রামের নাজমুল হাসান বলেন, একসময় বাড়ির সামনের বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতাম। এখন তো সেই মাছই নেই।কারণ চায়না দুয়ারী জাল দিয়ে মা মাছগুলো মেরে ফেলা হচ্ছে। এছাড়া শুকনো মৌসুমে যারা বিল ইজারা নেয় তারা বিষটোপ ব্যবহার করে কাদামাটির নিচে থাকা মাছগুলোও মেরে ফেলে। এর ফলে মাছের বংশ বিস্তার হচ্ছে না।
কুসুম পুর বাসিন্দা শফিক মিয়া জানান, খালে মাছ নাই কইলেই (বললেই) চলে। চায়না দোয়ারি জালের দাপটে সব শেষ। দেখলে খুব কষ্ট লাগে। এই জালের ফাঁদে এত প্রাণী মারা যায় যা কইয়া শেষ করা যাইতো না। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষকের সাথে কথা হলে তিনি বলেন, চায়না দুয়ারি জাল কিংবা কারেন্ট জাল দিয়ে গিলে ফেলা হয় তবে আগামী প্রজন্ম হয়তো আর কোন পাবদা, কৈ, শিং,মাগুর, দেখবে না। তাই এখনই প্রয়োজন শক্ত অবস্থানে যাওয়া।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ