বিক্ষোভ-সহিংসতায় নেপালের পর্যটন খাতে ২,৫০০ কোটি রুপির ক্ষতি
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
নেপালে ৮ ও ৯ সেপ্টেম্বর জেন-জিদের বিক্ষোভের কারণে দেশটির পর্যটন খাতে প্রায় ২৫ বিলিয়ন নেপালি রুপি (২ হাজার ৫০০ কোটি টাকার সমতুল্য) ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এই বিক্ষোভের সময় একাধিক হোটেলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে, যা ভ্রমণকারীদের চলাচলেও বিঘ্ন সৃষ্টি করে। পর্যটন মৌসুম শুরুর ঠিক আগ মুহূর্তে এই অশান্তির ফলে হোটেলগুলোতে ব্যাপক হারে বুকিং বাতিল করা হয়েছে।
হোটেল অ্যাসোসিয়েশন নেপালের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, দুই ডজনেরও বেশি হোটেলে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এদের মধ্যে কাঠমান্ডুর হিলটন হোটেলেই প্রায় ৮০০ কোটি নেপালি রুপির ক্ষতি হয়েছে। এছাড়াও, পোখারা, ভৈরহাওয়া, বিরাটনগর ও ধনগাড়ির মতো গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোও এই ঘটনার নেতিবাচক প্রভাবের মুখোমুখি হয়েছে।
ট্রেকিং এজেন্সি অ্যাসোসিয়েশন অব নেপাল এবং নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংশ্লিষ্ট সংগঠন এখন একত্রিত হয়ে কার্যকরী উদ্যোগ গ্রহণের মাধ্যমে নেপালের পর্যটন খাতকে দ্রুত পুনরুদ্ধারের জন্য আহ্বান জানিয়েছে।
তথ্যসূত্র: হিমালয়ান টাইমস, কাঠমান্ডু