ঠাকুরগাঁওয়ে পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁওয়ে পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
ছবি: মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিসহ ৫ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় ঠাকুরগাঁও জেলার পুরাতন বাসস্ট্যান্ড থেকে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পুরাতন বাসস্ট্যান্ডে সমাপনী সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য কফিল উদ্দিন আহমেদ। সমাবেশে বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পি আর পদ্ধতিতে অনুষ্ঠিত করতে হবে। পাশাপাশি তারা জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা, এবং জুলাই সনদের ভিত্তিতে নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজনসহ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতের দাবি জানান। বক্তারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো জনগণের মতামতের প্রতিফলন ঘটানো একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করা।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম