ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে সাত্তার বিশ্বাসের সহযোগিতা অব্যাহত

ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে সাত্তার বিশ্বাসের সহযোগিতা অব্যাহত
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

পাবনা সদর উপজেলার দুবলিয়া ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোগত ও শিক্ষাবান্ধব নানা উন্নয়ন কার্যক্রমে ধারাবাহিক সহযোগিতা করে যাচ্ছেন পাবনার বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি আলহাজ্ব আব্দুস সাত্তার বিশ্বাস। বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত মার্চ মাসে তিনি নিজস্ব তহবিল থেকে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস প্রদান করেন। পরবর্তীতে সেপ্টেম্বর ও অক্টোবর মাসসহ সকল কাজে তিনি বেশ কয়েক লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয়ের সম্পূর্ণ মেরামত কাজে সহায়তা করেন। একই সঙ্গে তার অর্থায়নে অভিভাবক সমাবেশও অনুষ্ঠিত হয়। এ বছর আলহাজ্ব আব্দুস সাত্তার বিশ্বাসের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে বার্ষিক পিঠা উৎসব আয়োজন করা হয়। শীতের ঐতিহ্য ও বাঙালি সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই গত মঙ্গলবার এ উৎসবের আয়োজন করা হয়। তার আহ্বানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিদ্যালয় চত্বর পরিণত হয় মিলনমেলায়। উৎসবে ভাপা, পাটিসাপটা, চিতই, নকশি, তেলের পিঠা, পুলি পিঠাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠার স্টল বসানো হয়। শিক্ষার্থীরা দলগতভাবে পিঠা তৈরি ও স্টল সাজানোর দায়িত্ব পালন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিদ্যালয়ের দাতা, প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার বিশ্বাস। তিনি তার মাতার নামে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভবিষ্যতেও আর্থিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে বিদ্যালয়ের বার্ষিক বনভোজন আয়োজনেও সহায়তার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুবলিয়া হাজী জসিম উদ্দিন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ নাজমূল হোসেন বিশ্বাস। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মরহুমা ফজিলাতুন্নেছার নাতি ও পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোঃ ফোরকান রেজা বাদশা বিশ্বাস। তিনি তার দাদীর নামীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা করার ঘোষণা দেন। বক্তারা বলেন, পিঠা উৎসব গ্রামবাংলার সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি করে। উৎসবের একপর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পিঠা উৎসবের দ্বিতীয় পর্বে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিদর্শক মোঃ মোখলেছুর রহমান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বখতিয়ার উদ্দিন। প্রধান শিক্ষক বলেন, শিক্ষার্থীদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আলহাজ্ব আব্দুস সাত্তার বিশ্বাসের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়া অনুষ্ঠানে পাবনার বিশিষ্ট সমাজ সেবক মোঃ ফোরকান রেজা বাদশা বিশ্বাস বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ১০টি ফ্যান দেওয়ার ঘোষণা দেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও মিডিয়া কমী প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান