নাইক্ষ্যংছড়িতে নবাগত ইউএনও’র সাথে সুশীল সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত!

নাইক্ষ্যংছড়িতে নবাগত ইউএনও’র সাথে সুশীল সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত!
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এনামুল হাসানের সাথে সুশীল সমাজের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একইদিনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভাও অনুষ্ঠিত হয়। সোমবার (১৮ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ইমাম, সুশীল সমাজের প্রতিনিধি ও কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উভয় সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানী, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ, জামায়াত ইসলামী’র আমীর আবু নাসের, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ, দুপকের উপজেলা কমিটির সহ-সভাপতি ও শীর্ষ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা জালাল ফারুকী, জাতীয় দলের সাবেক কৃতি খেলোয়াড় উসাই মং ছোট এবং ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল বশরসহ আরও অনেকে।

বক্তারা সভায় উপজেলার চোরাচালান, শিক্ষা ব্যবস্থা, কিশোর গ্যাং, দুর্নীতি, পর্যটন, পরিবেশ ও উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। পাশাপাশি নবাগত ইউএনও’র সকল ভালো উদ্যোগ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন তারা। জবাবে উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান বলেন, নাইক্ষ্যংছড়ির পরিবেশ খুবই ভালো। তবে ভৌগলিক কিছু সমস্যা থাকলেও সবার সহযোগিতায় তা সমাধানের চেষ্টা করবো। তিনি আরও বলেন, এলাকার সমস্যা সম্পর্কে তিনি অবগত হয়েছেন। তবে ভবিষ্যৎ উন্নয়ন ও জনকল্যাণমূলক বিষয়ে সকলের মতামতকে তিনি গুরুত্ব দিচ্ছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী সকলকে সঙ্গে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি