কৈকুড়ী ইউনিয়নে উন্নয়নের প্রত্যয়ে গণসংযোগে সাইদুল ইসলাম, স্বচ্ছতা- জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার

কৈকুড়ী ইউনিয়নে উন্নয়নের প্রত্যয়ে গণসংযোগে সাইদুল ইসলাম, স্বচ্ছতা- জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার
ছবিঃ আতিকুর রহমান

দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাইদুল ইসলাম। দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় স্থানীয়দের কাছে তিনি একজন পরিচিত মুখ হিসেবে পরিচিত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার কৈকুড়ী ইউনিয়নের ইছলার হাটে ব্যাপক গণসংযোগ করেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলাম। এ সময় তিনি বাজারের ব্যবসায়ী, ক্রেতা, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং ইউনিয়নের উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন। গণসংযোগকালে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে সাইদুল ইসলাম বলেন, “চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে কৈকুড়ী ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব ইউনিয়নে রূপ দিতে কাজ করব। উন্নয়নের সুফল যেন প্রতিটি ওয়ার্ডের মানুষ সমানভাবে পায়, সে লক্ষ্যেই আমার পরিকল্পনা।” তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব হলো জনগণের পাশে থাকা। নির্বাচিত হলে সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করব। ইউনিয়ন পরিষদের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করা হবে।”

কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং যুবসমাজের দক্ষতা উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি মাদক, বাল্যবিয়ে ও সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করে বলেন, “কৈকুড়ী ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে চাই। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।” গণসংযোগে স্থানীয়দের সঙ্গে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন সাইদুল ইসলাম। এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে জনকল্যাণমূলক, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয়দের মতে, দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড, জনসম্পৃক্ততা এবং মানুষের পাশে থাকার কারণে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুল ইসলাম ইতোমধ্যে ইউনিয়নজুড়ে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছেন। তাঁর ধারাবাহিক গণসংযোগ ও মতবিনিময় সভা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।”

দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান