বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, স্ত্রী পলাতক

বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, স্ত্রী পলাতক
ছবিঃ সুমন আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকায় একটি ভাড়া বাসা থেকে মোহাম্মদ ইব্রাহিম (৩৫) নামে এক পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইব্রাহিম ওই এলাকার সরু হাজির বাড়ির ফরিদ মিয়ার ছেলে এবং পেশায় মিনি পিকআপের চালক ছিলেন। ঘটনার পর থেকে নিহতের দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগম পলাতক রয়েছেন। ​রোববার (১২ জুলাই) বিকেলে নিমসার এলাকার সাবেক চেয়ারম্যান আবু তাহেরের বাড়ির ভাড়াটিয়া লুৎফুর রহমানের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রথম স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও ইব্রাহিম ছয়-সাত মাস আগে রেহেনা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে তারা ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন। প্রথম স্ত্রী ও সন্তানের ভরণ-পোষণ নিয়ে প্রায়ই তাদের মধ্যে পারিবারিক কলহ হতো। ​ঘটনার সূত্রপাত হয় রোববার দুপুরে, যখন পাশের কক্ষের ভাড়াটিয়ারা ঘর থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে বাড়ির মালিককে জানান। খবর পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সরজিৎ বড়ুয়া ও এসআই মঞ্জুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ভেতর থেকে তালাবদ্ধ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় পুলিশ মরদেহটি উদ্ধার করে। ​এসআই মঞ্জুর রহমান জানান, মরদেহের বিভিন্ন অংশে পচন ধরেছে এবং ধারণা করা হচ্ছে তিন থেকে চার দিন আগেই ইব্রাহিমের মৃত্যু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ​এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “প্রাথমিক আলামত দেখে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে নিহতের দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগম পলাতক এবং তার মুঠোফোনটিও বন্ধ রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাটির রহস্য উদ্ঘাটনে কাজ করছে।” ​এ মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ