কুমিল্লায় এসএসসি পরীক্ষার খাতা ছাত্রকে দিয়ে মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেপ্তার
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার দেবিদ্বারে এসএসসি পরীক্ষার অত্যন্ত গোপনীয় উত্তরপত্র খোদ নিজের এক ছাত্রকে দিয়ে মূল্যায়ন করানোর মতো চাঞ্চল্যকর ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মো. বাচ্চু মিয়া নামে এক সিনিয়র শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিক্ষককে সহায়তা করার দায়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকেও গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১১ জুলাই) রাতে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মোসা. পাপিয়া আক্তার বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরজ্জামান। ঘটনার সূত্রপাত যেভাবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রসুলপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া তার দায়িত্বে থাকা এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে দিয়ে করাচ্ছেন। ভিডিওতে ওই ছাত্রের কথোপকথন থেকে শোনা যায়, খাতা মূল্যায়নের সময় সে নিজের মতো করেই নম্বর প্রদান করছিল।
এই ভিডিওটি জনসমক্ষে আসার পর এলাকায় তীব্র সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দৃষ্টিগোচর হলে তিনি এ বিষয়ে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। অভিযোগ ও আইনি ব্যবস্থা ঘটনার পর স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম ও আলী আহাম্মদসহ এলাকাবাসী এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগকারী মো. শরিফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একজন শিক্ষক কীভাবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এমন ছিনিমিনি খেলতে পারেন? এসএসসি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতা একজন স্কুলছাত্রকে দিয়ে মূল্যায়ন করানোর ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, শিক্ষা বোর্ডের পক্ষ থেকে মামলা দায়েরের পর রাতেই অভিযুক্ত শিক্ষক বাচ্চু মিয়া এবং ওই শিক্ষার্থী মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ