৫০ বছরের দীর্ঘ পথচলা শেষে ভালোবাসার অশ্রুসজল বিদায়!
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো মানুষের ভালোবাসা। ফেনীর ছাগলনাইয়া উপজেলার মধ্যম শিলুয়া গ্রামের ‘রওশন আরা বেগম চৌধুরানী জামে মসজিদে’ আজ এক বিরল ও আবেগঘন দৃশ্যের সাক্ষী হলো এলাকাবাসী। দীর্ঘ ৫০টি বছর যিনি আল্লাহর ঘরের মেহমানদের ইমামতি করেছেন, আজ সেই প্রিয় ইমাম মাওলানা শামসুল হক মিয়াজি (৯৫) সাহেবকে এক অভূতপূর্ব ভালোবাসায় সিক্ত করে বিদায় জানাল পুরো গ্রাম। জুমা নামাজের পর যখন তাকে ফুলসজ্জিত ঘোড়ার গাড়িতে করে সসম্মানে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়, তখন উপস্থিত শত শত মুসল্লির চোখের কোণে ছিল অশ্রু আর হৃদয়ে ছিল গভীর শ্রদ্ধা। এই বিদায় শুধু একজন কর্মজীবীর নয়, যেন একটি পরিবারের অভিভাবক হারানোর। মাওলানা সাহেবের এই বিদায় যেমন কষ্টের, তেমনি তার সুদীর্ঘ নিষ্ঠাপূর্ণ কর্মজীবনের প্রতি কৃতজ্ঞতা জানানোর এক মহিমান্বিত মুহূর্ত। মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে তাকে নগদ ৩ লক্ষ টাকা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শুধু তাই নয়, তার প্রতি সম্মান জানিয়ে মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে ‘আমৃত্যু পেনশন’ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, যা সত্যিই প্রশংসনীয়। মানুষের জীবনের সার্থকতা তো এখানেই—যেখানে দীর্ঘ কর্মজীবন শেষে এমন রাজকীয় বিদায় আর মানুষের অকৃত্রিম ভালোবাসা নিয়ে বাড়ি ফেরা যায়। মাওলানা শামসুল হক মিয়াজি সাহেব ও তার পরিবারের এই অনন্য ইতিহাসের কথা এলাকাবাসী চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। শুভ বিদায়, প্রিয় ইমাম সাহেব। আপনার পরবর্তী জীবন পরম শান্তিময় হোক—এই কামনাই করি।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ