হাইকোর্টের রায়ে ফিরলেন আলমডাঙ্গার দুই ইউপি চেয়ারম্যান বাতিল প্যানেল চেয়ারম্যানের ক্ষমতা, পুনর্বহালের আদেশ জারি, শেষ প্রশাসনিক জট
দৈনিক বিজয় নিউজ আলমডাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ
প্রায় দুই বছরের প্রশাসনিক জটিলতার অবসান হলো আদালতের রায়ে। হাইকোর্টের নির্দেশে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ও বেলগাছী ইউনিয়ন পরিষদের নির্বাচিত দুই চেয়ারম্যানকে স্বপদে পুনর্বহাল করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে দুই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রত্যাহার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার স্বাক্ষরিত ১২ জুলাইয়ের পৃথক অফিস আদেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। আদেশে বলা হয়েছে , হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ৩৯৫০/২০২৬ ও ৩৯৫১/২০২৬-এর রায়ের আলোকে জেলা প্রশাসকের কার্যালয়ের ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখের প্যানেল চেয়ারম্যান নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হয়েছে।
আদেশ অনুযায়ী , জেহালা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মো. সিলন আলী এবং বেলগাছী ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মো. মাহামুদুল হাসান আবারও নিজ নিজ দায়িত্বে ফিরেছেন। একই সঙ্গে জেহালা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আহসান হাবীব এবং বেলগাছী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মেহেরাজ আলীর ওপর অর্পিত সব প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রত্যাহার করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায় , ২০২৪ সালের সেপ্টেম্বরে জেলা প্রশাসনের এক আদেশে দুই নির্বাচিত চেয়ারম্যানের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব প্রত্যাহার করে প্যানেল চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়া হয়। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক রিট করেন দুই চেয়ারম্যান। শুনানি শেষে আদালত তাদের পক্ষে রায় দিলে উপজেলা প্রশাসন পুনর্বহালের অফিস আদেশ জারি করে। এ ঘটনায় স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক সিদ্ধান্ত , দায়িত্ব হস্তান্তর এবং দীর্ঘ সময় নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্বের বাইরে রাখার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে হাইকোর্টের আদেশ কার্যকরের মাধ্যমে আপাতত দুই ইউনিয়নের প্রশাসনিক জটিলতার অবসান হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রানা আহমেদ