ঠাকুরগাঁওয়ে সোনার মূর্তির লোভ দেখিয়ে প্রতারণা: ভাই-বোন গ্রেপ্তার
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
সোনার মূর্তি ও মূল্যবান পুরোনো মুদ্রা (কয়েন) পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— জেলার রানীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের কোচল (কাঁঠালডাঙ্গী) গ্রামের মো. জাহাঙ্গীর আলম (৩৬) এবং তাঁর ফুফাতো বোন মোছা. সীমা বেগম (৩২)। শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ খোদাদাদ হোসেন এ তথ্য জানান। পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে দিনাজপুর কোতোয়ালি এলাকার বাসিন্দা মো. আব্দুল আজিম ডিবি পুলিশের কাছে অভিযোগ করেন যে, সোনার মূর্তি ও পুরোনো কয়েন বিক্রির প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র তাঁর কাছ থেকে তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছে। একই সঙ্গে বাকি টাকা পরিশোধ করলে তাঁকে কথিত সোনার মূর্তি ও মূল্যবান কয়েন বুঝিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রানীশংকৈল উপজেলার কোচল গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম ও সীমা বেগমকে গ্রেপ্তার করে।
পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির বারান্দার পাশের মাটির নিচ থেকে ছয়টি সোনালি রঙের গোপাল ঠাকুরের মূর্তি, পাঁচটি সাদা রঙের কয়েন এবং প্রায় দেড় কেজি ওজনের একটি পিতলসদৃশ পুরোনো কলস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব আলামত জব্দ করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে সোনার মূর্তি ও মূল্যবান পুরোনো মুদ্রা বিক্রির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাৎ করে আসছিল। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম