কুমিল্লা সীমান্তে ৩৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, বিজিবির অভিযান

কুমিল্লা সীমান্তে ৩৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, বিজিবির অভিযান
ছবিঃ সুমন আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৩৩ লাখ ৯০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত টহলের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। ​বিজিবি সূত্র জানায়, গত বুধবার (১৬ জুলাই) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে কুমিল্লা ব্যাটালিয়নের অধীনস্থ আমানগণ্ডা বিওপির একটি টহল দল সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ দায়িত্ব পালন করছিল। অভিযান চলাকালে সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। ​জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৯০ হাজার টাকা। বিজিবি জানিয়েছে, জব্দ করা শাড়িগুলো বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। ​কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও যেকোনো ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে তাদের এই কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ