ভেটেরান্স বাংলাদেশ কি ১৬তম সংগঠন হয়েই থাকবে? বিদ্যমান ১৫ সংগঠনকে উপেক্ষা করলে ঐক্য নয়, বিভক্তিই বাড়বে
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
দেশের অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে—ভেটেরান্স বাংলাদেশ যদি দেশের সব ভেটেরানদের অভিভাবক সংগঠন হওয়ার লক্ষ্য নিয়ে এগোয়, তাহলে বিদ্যমান সংগঠনগুলোর নেতৃত্বকে উপেক্ষা করে সেই লক্ষ্য অর্জন করা কতটা সম্ভব? সংশ্লিষ্টদের মতে, বর্তমানে দেশে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের প্রায় ১৫টি কেন্দ্রীয় সংগঠন সক্রিয় রয়েছে। এসব সংগঠনের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়েও দীর্ঘদিন ধরে নেতৃত্ব গড়ে উঠেছে। কিন্তু এসব নেতৃত্বকে মূল্যায়ন না করে নতুন নেতৃত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে তা ঐক্যের পরিবর্তে বিভক্তির জন্ম দেবে। তাদের দাবি, বিদ্যমান ১৫টি সংগঠনকে সঙ্গে নিয়ে এগোতে না পারলে ভেটেরান্স বাংলাদেশ কখনোই অভিভাবক সংগঠন হতে পারবে না; বরং সেটি কেবল ১৬ নম্বর সংগঠন হিসেবেই পরিচিত হবে। এছাড়া কোনো নির্দিষ্ট ফোর্স বা রেজিমেন্ট—যেমন কমান্ডো, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, আর্টিলারি, সিগন্যাল, অর্ডিন্যান্স বা অন্য কোনো শাখাকে অতিরিক্ত প্রাধান্য দেওয়া হলে শুরু থেকেই বৈষম্যের অভিযোগ উঠবে এবং সামগ্রিক ঐক্য প্রশ্নবিদ্ধ হবে বলেও মত দেন তারা। ভেটেরানদের একাংশের অভিমত, অভিভাবক হতে হলে নেতৃত্ব চাপিয়ে নয়, বিদ্যমান নেতৃত্বকে সম্মান ও মূল্যায়নের মাধ্যমে সবাইকে নিয়ে এগোতে হবে। অন্যথায় নতুন এই উদ্যোগটি ঐক্যের পরিবর্তে আরেকটি নতুন সংগঠন হিসেবে সীমাবদ্ধ থেকে যাবে। অনেকেই অভিযোগ করেছেন, আহবায়ক মহোদয় নিজে কমান্ডো হওয়ার সুবাদে কেন্দ্রীয় পর্যায়ে সকল এডমিন, সকল তত্ত্বাবধায়ক, সকল কো-অর্ডিনেটর, প্রায় সকলেই কমান্ডো, বিধায় এই সংগঠনটি কমান্ডো নির্ভর হিসেবে আত্মপ্রকাশ করল। তাদের ভাষায়, "১৫টি সংগঠনকে পাশ কাটিয়ে নয়, ১৫টি সংগঠনকে সঙ্গে নিয়েই ভেটেরানদের ঐক্য গড়ে তুলতে হবে। নইলে ভেটেরান্স বাংলাদেশও ১৬ নম্বর সংগঠন হিসেবেই থেকে যাবে।"
দৈনিক বিজয় নিউজ/ ইডি