এমপি মিলনের হাতে চিকিৎসাসেবার চেক পেলেন ১৯ জন

এমপি মিলনের হাতে চিকিৎসাসেবার চেক পেলেন ১৯ জন
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসাসেবার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার রাজশাহী নগরীর বিসিক এলাকায় এমপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন মোট ১৯ জন সুবিধাভোগীর হাতে চিকিৎসাসেবার চেক তুলে দেন। চেক বিতরণ শেষে বক্তব্যে এমপি মিলন বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। পরিত্যক্ত সরকারি ভবনগুলোকে স্বাস্থ্যসেবার কাজে ব্যবহার, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদার এবং ইউনিয়ন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরও জানান, রাজশাহীর পবা উপজেলায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। সেখানে ১,২০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মিত হবে, যা উত্তরাঞ্চলের চিকিৎসাসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে। অনুষ্ঠানের শেষে এমপি মিলন সরকারের জনকল্যাণমূলক কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন এবং পবা-মোহনপুরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে সবার কাছে দোয়া কামনা করেন।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন