রাষ্ট্র ও জনগণের প্রয়োজনে সব সময় প্রস্তুত রিজার্ভ ফোর্স: সিলেটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের আলোচনা সভা ও কার্যালয় উদ্বোধন
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধ:
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ, বাংলাদেশ-এর সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সিলেটের ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটিতে অবস্থিত সংগঠনের নতুন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সিলেট জেলার সভাপতি কর্পোরাল (অব.) শোয়েব আহমেদ অভির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) সৈয়দ মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও হিউম্যান রাইটস্ ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান মো. দেলওয়ার হোসেন খাঁন। সভায় প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা বলেন, "সশস্ত্র বাহিনীর সদস্যরা চাকরি থেকে অবসরে গেলেও চেইন অব কমান্ড এবং নিজেদের আদর্শ ও মূল্যবোধ থেকে কখনোই বিচ্যুত হন না। দেশের সংবিধানের প্রতি আমাদের অবিচল আস্থা ও বিশ্বাস রয়েছে।"
বক্তারা আরও সুদৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, রাষ্ট্র ও দেশের জনগণের যেকোনো প্রয়োজনে কিংবা রিজার্ভ ফোর্স হিসেবে তাঁরা সব সময়ই প্রস্তুত রয়েছেন। দেশের কোনো সংকট, দুর্যোগ বা যেকোনো রাষ্ট্রীয় প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা সদা তৎপর থাকেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সার্জেন্ট (অব.) আজিজুল ইসলাম, সহ-সভাপতি সার্জেন্ট (অব.) কবির হোসেন, সহ-সভাপতি ল্যান্স কর্পোরাল (অব.) ফরিদ মিয়া এবং কার্যকরী সদস্য ল্যান্স কর্পোরাল (অব.) মো. খোরশেদ আলম। আলোচনা সভা শেষে সংগঠনের নতুন কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। সিলেট জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরিশেষে, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং অবসরপ্রাপ্ত সদস্যদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আনোয়ার হোসেন