মেজর (অব.) সিনহা হত্যাকাণ্ডের ৬ষ্ঠ বার্ষিকী উপলক্ষে ৩১ জুলাই মানববন্ধন, র্যালি ও সেমিনার
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি সহযোগিতা চেয়ে পল্লবী থানায় লিখিত অবহিতকরণ। মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের ৬ষ্ঠ বার্ষিকী এবং অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) রাজধানীর মিরপুরে মানববন্ধন, র্যালি ও সেমিনারের আয়োজন করেছে সংগঠনটি। এ উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর একটি লিখিত অবহিতকরণপত্র দিয়ে কর্মসূচি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় পুলিশি সহযোগিতা চাওয়া হয়েছে। সংগঠনের দেওয়া তথ্য অনুযায়ী, ৩১ জুলাই সকাল ১০টায় মিরপুর-১২ এলাকার হোটেল বাফেট লাউঞ্জে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। পরে একই এলাকার সংলগ্ন সড়কে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্য, মুক্তিযোদ্ধা, বিশিষ্ট নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণের আশা করছে আয়োজকরা।
পল্লবী থানায় দেওয়া অবহিতকরণপত্রে বলা হয়েছে, কর্মসূচিটি সম্পূর্ণ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আইনসম্মতভাবে সম্পন্ন করা হবে। জনসাধারণের নিরাপত্তা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশের সহযোগিতা কামনা করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সভাপতি অনারারি ক্যাপ্টেন (অব.) মো. দুলাল উদ্দিন বলেন, মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান ছিলেন একজন দেশপ্রেমিক ও সাহসী সেনা কর্মকর্তা। তাঁর আত্মত্যাগের স্মৃতিকে সম্মান জানানো এবং অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের ন্যায্য অধিকার, সম্মান ও কল্যাণ প্রতিষ্ঠার দাবিতে আমাদের এ কর্মসূচির আয়োজন। আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ কর্মসূচির মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া সম্ভব।
তিনি আরও বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের মর্যাদা, কল্যাণ ও অধিকার নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আমাদের সংগঠন সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ল্যান্স করপোরাল (অব.) মো. মনজুরুল আলম বলেন, এই কর্মসূচি সম্পূর্ণ অরাজনৈতিক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক। আইন মেনে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অনুষ্ঠান পরিচালনা করা হবে। দেশের সকল অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যকে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক আহ্বান জানাচ্ছি।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সংগঠনের পক্ষ থেকে একটি লিখিত অবহিতকরণপত্র থানায় জমা দেওয়া হয়েছে। বিষয়টি প্রচলিত নিয়ম অনুযায়ী পর্যালোচনা করা হবে। কর্মসূচি আইনসম্মত ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং পরবর্তীতে বিচারিক প্রক্রিয়ায় মামলার রায় ঘোষণা করা হয়। সেই ঘটনার স্মরণে এবং অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের অধিকার ও কল্যাণ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিবছর বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ।
দৈনিক বিজয় নিউজ/ ফকির মিরাজ আলী শেখ