স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়ির সামনে নারীর অবস্থান

স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়ির সামনে নারীর অবস্থান
ছবিঃ মোঃ আনোয়ার হোসেন

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর বোচাগঞ্জ প্রতিনিধি:

দিনাজপুরের বোচাগঞ্জে "স্ত্রী হিসেবে স্বীকৃতি ও দাম্পত্য অধিকারের দাবিতে" এক নারী স্বামীর বাড়ির সামনে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন। ​মঙ্গলবার দুপুর থেকে বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের মোঃ আফসারুল ইসলামের বাড়ির প্রধান ফটকের সামনে অবস্থান নেন ওই নারী। ​অবস্থান নেওয়া ভুক্তভোগী নারীর নাম মোছাঃ বেবী নাজমিন বিথী। তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচূনা ইউনিয়নের ইন্দইল গ্রামের মোঃ আব্দুল বারী ও মোছাঃ রোজিনা খাতুন দম্পতির কন্যা। অন্যদিকে অভিযুক্ত মোঃ আফসারুল ইসলাম দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মাহেরপুর ডাকঘরের পলাশবাড়ী গ্রামের মোঃ তোফাজ্জল হোসেন ও মোছাঃ আলেয়া খাতুনের পুত্র।

​স্থানীয় সূত্র ও সরেজমিনে জানা যায়, ঘটনার দিন রাতভর মুষলধারে বৃষ্টি থাকা সত্ত্বেও অনড় অবস্থানে থাকেন ওই নারী। তার দাবি, আফসারুল ইসলামের সঙ্গে তার বৈধ বিবাহ সম্পন্ন হয়েছে। বিবাহিত স্ত্রী হিসেবে প্রাপ্য সামাজিক মর্যাদা, নিরাপত্তা ও অধিকার আদায়ের জন্যই তিনি স্বামীর বাড়িতে এসেছেন এবং সুরাহা না হওয়া পর্যন্ত অবস্থান থেকে সরবেন না। ​এ বিষয়ে জানতে অভিযুক্ত মোঃ আফসারুল ইসলাম কিংবা তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আনোয়ার হোসেন