রাজশাহী মোহনপুরে দুই কলেজে এমপি মিলনকে সংবর্ধনা, ডিজিটাল ল্যাব উদ্বোধন
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলনকে সংবর্ধনা দিয়েছে রাজশাহীর মোহনপুর উপজেলার পাকুড়িয়া মহাবিদ্যালয় ও বসন্তকেদার ডিগ্রি কলেজ। একই দিনে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথক অনুষ্ঠানে ডিজিটাল ল্যাব উদ্বোধন করেন তিনি। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পাকুড়িয়া মহাবিদ্যালয় প্রাঙ্গণে প্রথম অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পরে দুপুর দেড়টার দিকে বসন্তকেদার ডিগ্রি কলেজ মিলনায়তনে দ্বিতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাকুড়িয়া মহাবিদ্যালয়ের সভাপতি মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডভোকেট শফিকুল হক মিলন। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক। অনুষ্ঠানে মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শামীমুল ইসলাম মুন, সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মাহাবুব অর-রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. বাচ্চু রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাকুড়িয়া মহাবিদ্যালয়ের পক্ষ থেকে স্থায়ী প্রাচীর নির্মাণ, খেলার মাঠ উন্নয়ন, পুকুরের প্রটেকশন ওয়াল নির্মাণ ও নতুন ভবনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের দাবি জানানো হয়। পরে এমপি মিলনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তিনি কলেজের ডিজিটাল ল্যাব উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে শফিকুল হক মিলন ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাকুড়িয়া কেন্দ্রে বিএনপিকর্মী মেরাজ নিহত হওয়ার ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানার সুযোগ করে দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে মানসম্মত শিক্ষা দিতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দল-মত ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে তারা যেন নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমে দেশ-বিদেশে বাংলাদেশের সুনাম তুলে ধরতে পারে, সে লক্ষ্যে কাজ করতে হবে। তিনি বলেন, ‘করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ’—এই নীতিতে সবাইকে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। পাকুড়িয়া মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ এইচ এম মোজাম্মেল হক খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে এবং কলেজের সহকারী অধ্যাপক মো. আকবর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অন্যদিকে, দুপুরে বসন্তকেদার ডিগ্রি কলেজে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সভাপতি ও মৌগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউনুস আলী মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক মো. মফিজ উদ্দীন সরকার।
এ সময় মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মাহাবুব অর-রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার সামসুজ্জোহা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফা বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদল নেতা মির্জা শওকত এবং মৌগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নুর এ আলম সিদ্দিকী মুকুলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি খন্দকার বেলাল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান মিলন, মৌগাছি ইউপি প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির উপজেলা সভাপতি শাহ আলম, ধুরইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল, মৌগাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রায়হান আলী, সাধারণ সম্পাদক শিমুলসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রউফ সরকার। দুই কলেজের অনুষ্ঠানে এমপি মিলনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং পৃথকভাবে ডিজিটাল ল্যাব উদ্বোধন করা হয়।
দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন