প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে নাগরিক ফোরামের বিক্ষোভ ও গণমিছিল

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে নাগরিক ফোরামের বিক্ষোভ ও গণমিছিল
ছবিঃ মহসিন 

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

প্রিপেইড বিদ্যুৎ মিটার স্থাপন বন্ধ এবং অন্যায্য বিল বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে রাজপথে নেমেছেন ক্ষুব্ধ নাগরিকরা। ‘নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম’-এর উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের কালীবাজার এলাকা প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। সমাবেশে সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম প্রিপেইড মিটার বসানোর তীব্র প্রতিবাদ জানান। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো আইনি জটিলতা বা প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন, প্রয়োজনে তারা কারাবরণ করতেও রাজি; তাও নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বসাতে দেওয়া হবে না। এই আন্দোলনে সংহতি প্রকাশ করায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিনকে ধন্যবাদ জানান বক্তারা। মাসুম উল্লেখ করেন, সংসদ সদস্য আবুল কালাম ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা না হওয়া পর্যন্ত প্রিপেইড মিটার স্থাপনের কাজ স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন। শান্তিপূর্ণ আন্দোলনে কর্তৃপক্ষ সিদ্ধান্ত না বদলালে ভবিষ্যতে হরতালের মতো কঠোর কর্মসূচির মাধ্যমে নারায়ণগঞ্জ অচল করে দেওয়ার কথা বলা হয়। বিদ্যুৎ খাতের এসব অসংগতি ও সাধারণ মানুষের সীমাহীন ভোগান্তি বিবেচনা করে নারায়ণগঞ্জসহ সারাদেশে প্রিপেইড মিটার প্রকল্প অবিলম্বে বাতিলের কার্যকর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করা হয়। নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন উপদেষ্টা হাজী রুহুল আমীন, সাবেক সিটি কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, ভবানী শঙ্কর রায়সহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ।

দৈনিক বিজয় নিউজ/ মহসিন