গাজীপুরে অবসরপ্রাপ্ত নারী সেনাসদস্যের শ্লীলতাহানি: আসামী অধরা, বিচারের দাবিতে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

গাজীপুরে অবসরপ্রাপ্ত নারী সেনাসদস্যের শ্লীলতাহানি: আসামী অধরা, বিচারের দাবিতে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
ছবিঃ ইডি

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুরে অবসরপ্রাপ্ত এক নারী সেনাসদস্যকে (২৮)  মারধর, শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা দায়েরের পর দীর্ঘ দিন পার হলেও মূল আসামীকে গ্রেপ্তার না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত নারী সেনা সদস্য নিজে উপস্থিত থেকে বিচার দাবি জানান। এতে সংহতি প্রকাশ করে অংশ নেন ‘এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন’ এবং ‘অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ, বাংলাদেশ’-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের সার্বভৌমেত্বর রক্ষায় নিয়োজিত বাহিনীর একজন অবসরপ্রাপ্ত নারী সদস্য নিজ বাড়িতে এভাবে শ্লীলতাহানি ও হামলার শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক। ঘটনার পর জয়দেবপুর থানায় সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হলেও মূল অভিযুক্ত শাহ আলম খলিফাসহ অন্যান্য আসামীদের পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ভুক্তভোগী ও তার পরিবারকে মামলা প্রত্যাহার না করলে  হুমকি দিচ্ছে বলে অভিযোগ করা হয়। ​সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী ও সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সংগঠনগুলোর নেতৃবৃন্দ অবিলম্বে মূল অভিযুক্ত মোঃ শাহ আলম খলিফাসহ সকল আসামীকে গ্রেপ্তার, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

 

দৈনিক বিজয় নিউজ/ ইডি