কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের গণমিছিল: জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের জোরালো দাবি
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লং মার্চকে স্বাগত জানিয়ে এবং জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে কুমিল্লায় বিশাল গণমিছিল ও পথসভা করেছে ১১ দলীয় ঐক্য। গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড থেকে শুরু হয়ে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোটেল নুরজাহান সংলগ্ন পথসভা মঞ্চে এসে শেষ হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং ১১ দলীয় ঐক্যের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ কর্মসূচি পালিত হয়। মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য আব্দুস সাত্তার, দক্ষিণ জেলা আমীর মুহাম্মদ শাহজাহান, সেক্রেটারী ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, উত্তর জেলা নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মু মজিবুর রহমান ভুঁইয়া, মহানগরী সেক্রেটারি মু. মাহবুবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরী সভাপতি মাওলানা সোলায়মান, ছাত্রশিবির কুমিল্লা মহানগরী সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত এবং এবি পার্টি মহানগরী সভাপতি জিএম সামদানি প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে এখনো জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়িত হয়নি। জনগণের প্রকৃত গণতান্ত্রিক অধিকার ও সংবিধান সংস্কার নিশ্চিত করতে অবিলম্বে গণভোটের রায় পুনর্বহাল করার দাবি জানান তারা। পাশাপাশি প্রশাসনের দলীয়করণ ও অদূরদর্শিতার কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি, এবং বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের তীব্র সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান নেতারা। অন্যথায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ