নদীতে ভেসে উঠল বিশাল আকারের তিমি

নদীতে ভেসে উঠল বিশাল আকারের তিমি
ছবিঃ মোঃ জাকির হোসেন গাজী

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীতে ভেসে উঠেছে বিশাল আকৃতির একটি তিমি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সরকারি বনের সংলগ্ন নদীতে তিমিটিকে ভাসতে দেখা যায়। তিমিটি ভেসে ওঠার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন নদীর তীরে ভিড় জমাতে শুরু করেন। পরে স্থানীয়রা তিমিটিকে তালতলী বাজারের পাশে নিয়ে আসেন। খবর পেয়ে তালতলীসহ আশপাশের এলাকা এবং দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ তিমিটি দেখতে সেখানে ছুটে আসেন। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ২০ বছর আগে এ এলাকায় একইভাবে একটি তিমি ভেসে আসার ঘটনা ঘটেছিল। তবে এবারের তিমিটি জীবিত নয়, মৃত অবস্থায় নদীতে ভেসে উঠেছে। উপস্থিত স্থানীয়দের ধারণা, বঙ্গোপসাগরে কোনো বড় জাহাজের ধাক্কায় তিমিটির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তিমিটির মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, মানুষজন তিমিটি দেখার পর সেটিকে আবার মাঝ নদীতে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী