টিকটক ভিডিও বানানো নিয়ে দাম্পত্য কলহ, স্বামীর মৃত্যু ঢাকায় শ্বশুর-শাশুড়ির বাসা থেকে সাইফুলের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি—হত্যার পর আত্মহত্যার নাটক

টিকটক ভিডিও বানানো নিয়ে দাম্পত্য কলহ, স্বামীর মৃত্যু ঢাকায় শ্বশুর-শাশুড়ির বাসা থেকে সাইফুলের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি—হত্যার পর আত্মহত্যার নাটক
ছবিঃ মোঃ জাকির হোসেন গাজী

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়নের বিরাজলা গ্রামে প্রেম করে বিয়ে করা এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত সাইফুল মোঃ ফজলুল শিকদারের ছেলে। বিয়ের মাত্র চার মাসের মাথায় ঢাকায় তার শ্বশুর-শাশুড়ির ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার নবম শ্রেণির ছাত্রী জান্নাতির সঙ্গে সাইফুলের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। পরে তারা পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন। পরবর্তীতে দুই পরিবার তাদের বিয়ে মেনে নেয়। বিয়ের পর সাইফুল ঢাকায় তার শ্বশুর-শাশুড়ির বাসায় থেকে একটি গার্মেন্টসে চাকরি করতেন। নিহতের মায়ের দাবি, তার স্ত্রী নিয়মিত টিকটক ভিডিও তৈরি করতেন এবং বিভিন্ন ছেলের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতেন। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এরই মধ্যে সাইফুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন—এমন খবর তার পরিবারের কাছে পৌঁছায়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তবে সাইফুলের পরিবার এ ঘটনাকে আত্মহত্যা হিসেবে মেনে নিতে পারছে না। পরিবারের অভিযোগ, সাইফুলকে তার শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজিয়ে থাকতে পারে। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। নিহতের মা আদরের সন্তান হারিয়ে শোকে প্রায় পাগল হয়ে পড়েছেন। মাত্র চার মাস আগে বিয়ে করা ছেলের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা—তা নিশ্চিত হতে পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী