কুমিল্লায় বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:
শনিবার ১৯ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসাস)-এর কুমিল্লা জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের জাতীয় নির্বাহী পরিষদের সদস্য অনুমোদনের জন্য প্রেরিত ১১ সদস্যের এ কমিটিতে বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুমোদিত কমিটিতে জেলার বরুড়া উপজেলার উত্তর শিলমুড়ি ইউনিয়নের মোঃ মহসিনকে আহ্বায়ক, ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের মোঃ সফিক কে যুগ্ম-আহ্বায়ক এবং বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের মোঃ জাহাঙ্গীর আলম কে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য ইউনিয়নের সদস্যরা হলেন—নাসির উদ্দিন, সালামত উল্লাহ, ইউনুস মিয়া, মোঃ জোনায়েদ, মোঃ নজরুল ইসলাম, জামাল হোসেন, মোঃ মিজানুর রহমান ও ছোয়াব আলী। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ইউনিয়ন পরিষদের সদস্যদের সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ করা, তাদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সংগঠনটি কাজ করে যাচ্ছে। নতুন জেলা আহ্বায়ক কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের সদস্যদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ