ভিকাখালীতে ট্রলারসহ আটক দুই জেলের ১০ দিনের কারাদণ্ড

ভিকাখালীতে ট্রলারসহ আটক দুই জেলের ১০ দিনের কারাদণ্ড
ছবিঃ মোঃ জাকির হোসেন গাজী

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে পায়রা নদী থেকে দুটি ইঞ্জিনচালিত ট্রলার ও ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ দুই জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন মির্জাগঞ্জ উপজেলার ভিকাখালী এলাকার মো. সুজন হাওলাদার (২৫) ও মো. ইউসুব আকন (৩৫)। উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা থেকে পায়রা নদীতে এ অভিযান চালানো হয়। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে দুই জেলেকে আটক এবং দুটি ট্রলার ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, মা ইলিশ রক্ষায় ৮ থেকে ২৯ অক্টোবর ২০২৬ ইং তারিখ পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে পায়রা, লোহালিয়া ও পাণ্ডব নদীতে অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী