পাবিপ্রবির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মীর হুমায়ূন কবীর

পাবিপ্রবির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মীর হুমায়ূন কবীর
ছবিঃ ভাস্কর চন্দ্র রায়

দৈনিক বিজয় নিউজ পাবিপ্রবি প্রতিনিধিঃ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মীর হুমায়ূন কবীর।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁর নিয়োগ নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ৭ ডিসেম্বর থেকে এই দায়িত্ব কার্যকর হবে। প্রচলিত বিধি অনুযায়ী তিনি ডিন পদে দায়িত্বভাতা পাবেন।নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মীর হুমায়ূন কবীর জানান, “শিক্ষক-শিক্ষার্থীদের জন্য গবেষণাবান্ধব পরিবেশ তৈরি, ক্লাস ও পরীক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা এবং অনুষদের তত্ত্বাবধানে নিয়মিত সেমিনার আয়োজন করাই হবে আমার মূল লক্ষ্য।”

অধ্যাপক ড. মীর হুমায়ূন কবীর ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এমফিল এবং ২০২১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দেশের এফ এম রেডিও সম্প্রচারের শুরুর সময়ে রেডিও টুডে ৮৯.৬–এ উপস্থাপক হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। পরে তিনি ঢাকা এফ এম ৯০.৪–এ সিনিয়র প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও পরিবহন পুল প্রশাসকের দায়িত্বে আছেন। একই সঙ্গে তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

দৈনিক বিজয় নিউজ/ ভাস্কর চন্দ্র রায়