পুঠিয়ায় ফসলি জমি রক্ষায় প্রশাসনের অভিযান অবৈধ মাটি কাটায় ব্যবহৃত এস্কেভেটর জব্দ, অকেজো করে দেওয়া
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলার মধুখালি এলাকায় ফসলি জমির টপসয়েল সংরক্ষণে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার রাত ১১টা ৩০ মিনিট থেকে রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করা হয়। অভিযান পরিচালনাকারী দল ঘটনাস্থলে পৌঁছালে মাটি কাটার সঙ্গে জড়িত দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানের সময় এস্কেভেটরটি সরিয়ে নেওয়ার মতো পরিবহনের সুযোগ না থাকায় তা অকেজো করে দেওয়া হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, ফসলি জমির উর্বর টপসয়েল রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী ও পরিবেশের ক্ষতিকারক কর্মকাণ্ডে জড়িত কোনো দুর্বৃত্তকেই ছাড় দেওয়া হবে না। উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্থানীয় সাধারণ মানুষ ইতিবাচকভাবে দেখছেন এবং ফসলি জমি রক্ষায় প্রশাসনের সক্রিয় ভূমিকার প্রশংসা করছেন।
দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন