জনগণের জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
রাজশাহীর পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেছেন, জনগণের কাছে সরকারি সেবা ও উন্নয়ন সুবিধা স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দিতে হবে। কোনো ধরনের দুর্নীতি, স্বজনপ্রীতি ও নিম্নমানের উন্নয়নকাজ বরদাশত করা হবে না। সোমবার (২৪ আগস্ট) মোহনপুরে একাধিক রাস্তার উন্নয়নকাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এমপি মিলন বলেন, নির্বাচনের সময় জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। ইউএনও, সহকারী কমিশনার (ভূমি)সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জনগণের মুখোমুখি করা হয়েছে, যাতে সরকারি সুবিধা সরাসরি সাধারণ মানুষ পায়। তিনি আরও বলেন, নিজের ভাই বা আত্মীয়স্বজন কেউ দুর্নীতির সঙ্গে জড়িত হলেও ছাড় দেওয়া হবে না। উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নাগরিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
ঠিকাদারদের উদ্দেশ্যে এমপি মিলন বলেন, উন্নয়নকাজ মানসম্মতভাবে দ্রুত শেষ করতে হবে। ভালো কাজের জন্য পুরস্কৃত করা হবে, আর নিম্নমানের কাজ করলে ভবিষ্যতে কাজের সুযোগ দেওয়া হবে না। উদ্বোধন করা সড়কগুলোর মধ্যে রয়েছে—চাঁদপুর চৌরাস্তা জামে মসজিদ থেকে মাখনপুর গুচ্ছগ্রাম হয়ে মুনসুর মেম্বারের বাসা পর্যন্ত ১ হাজার ১৯৫ মিটার, মৌগাছী জিপিএস থেকে কৃষ্ণপুর ইউজেডআর পর্যন্ত ১ হাজার ২০০ মিটার, কোটালীপাড়া ইউজেডআর থেকে কোটালীপাড়া বিডব্লিউডিবি পর্যন্ত ৯৯০ মিটার, দাঁড়াপাড়া থেকে মুগাইপাড়াহাট পর্যন্ত ১ হাজার ২৭০ মিটার, বিষহারা ইউজেডআর থেকে হাটখোলা পর্যন্ত ১ হাজার ৫০০ মিটার এবং কৃষ্ণপুর ইউজেডআর থেকে কৃষ্ণপুর পূর্বপাড়া পর্যন্ত ৪৫০ মিটার সড়ক।
এসব সড়ক চাঁদপুর, নখড়াজিঘাট, হিন্দুপাড়া, ধোরসা, চক বিরহী, বিষহারা ও কৃষ্ণপুর এলাকার মানুষের যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান। মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজিম উদ্দিন, কৃষকদল সভাপতি গোলাম মোস্তফা বাবলু, স্বেচ্ছাসেবক দল সভাপতি জাহাঙ্গীর আলম, এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী রকিব হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন