তাহসিফের মৃত্যুর ঘটনায় দীপের বক্তব্য যাচাই করছে পিবিআই, এখনো কাটেনি রহস্য।
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধি:
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নতুন করে সামনে এসেছে তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের বক্তব্য। জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, ঘটনার রাতে তুরাগ নদীসংলগ্ন এলাকায় কয়েকজন ইউনিফর্মধারী ব্যক্তি তাদের ধাওয়া করলে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন তাহসিফ। তবে দীপের দেওয়া এই বক্তব্যে এখনো পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার রাতে দীপকে হেফাজতে নেওয়ার পর তাহসিফের সঙ্গে তার যাতায়াত করা বিভিন্ন স্থান পরিদর্শন করে তদন্ত সংস্থাটি। এ সময় দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সম্ভাব্য স্থানগুলো ঘুরে দেখা হয়।পিবিআইয়ের এক তদন্ত কর্মকর্তার বরাতে জানা গেছে, ঘটনার দিন ২৭ অক্টোবর রাতে দীপ ও তাহসিফ তুরাগ নদীসংলগ্ন মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। সেখানে অবস্থানকালে কয়েকজন ব্যক্তি তাদের ধাওয়া করেন বলে দাবি করেছেন দীপ। একপর্যায়ে তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং দীপ সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
তবে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দীপের বক্তব্যের সব দিক এখনো যাচাই করা সম্ভব হয়নি। মামলার অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।এদিকে, ঘটনাস্থলসংলগ্ন এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পিবিআই। মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা নিশ্চিত হতে প্রয়োজনীয় যাচাই-বাছাই চলছে।
স্থানীয় চায়ের দোকানি জুবায়দা বেগম জানান, গত দুই দিন ধরে তার দোকান থেকে প্রায় ১৫ থেকে ২০ মিটার দূরে সড়কের পাশে মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখেছেন তিনি। তবে এ সময় কেউ সেটি নিতে আসেনি। শুক্রবার সকালে পুলিশ এসে মোটরসাইকেলটি নিয়ে যায়।শুক্রবার সরেজমিনে দেখা যায়, পিবিআইয়ের একটি দল দীপকে সঙ্গে নিয়ে টঙ্গীর তুরাগ নদীর ২৯ নম্বর সীমানা পিলারসংলগ্ন মাঠ পরিদর্শন করছে। সেখানে ঘটনার রাতের পরিস্থিতি ও নিজের অবস্থান সম্পর্কে তদন্ত কর্মকর্তাদের কাছে বর্ণনা দেন দীপ।
তার ভাষ্য অনুযায়ী, দূর থেকে কয়েকজন ব্যক্তি তাদের ধাওয়া করেছিলেন। এ সময় তিনি ২৯ নম্বর পিলারের পেছনে অবস্থান নেন, যাতে ইউনিফর্ম পরা ব্যক্তিরা তাকে দেখতে না পান। অন্যদিকে, তাহসিফ দৌড়ে সেখান থেকে চলে যান। তবে দীপ নিজে দৌড় না দিয়ে হেঁটে ওই স্থান ত্যাগ করেন বলে দাবি করেন।পিবিআই জানিয়েছে, পরিদর্শন করা স্থানটি তুরাগ নদ থেকে প্রায় ৫০ মিটারের মধ্যে অবস্থিত। নদীর এই অংশটি কামারপাড়া ও টঙ্গী ব্রিজের মাঝামাঝি এলাকায়।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ সাউরি। পরদিন ২৮ অক্টোবর বিকেলে টঙ্গীর তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে ধারণ করা একটি সিসিটিভি ফুটেজে তাহসিফকে এক যুবকের সঙ্গে মোটরসাইকেলে করে বের হতে দেখা যায়। পরবর্তী সময়ে পরিবারের সদস্যরা ওই যুবককে তাহসিফের জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ হিসেবে শনাক্ত করেন।
ঘটনাটির গুরুত্ব বিবেচনায় নৌ-পুলিশের পাশাপাশি পিবিআইও ছায়া তদন্ত পরিচালনা করছে এবং নৌ-পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বি ব্লকের একটি বাসা থেকে দীপকে হেফাজতে নেয় পিবিআই উত্তর বিভাগের একটি দল।পিবিআইয়ের অতিরিক্ত উপমহাপরিদর্শক এনায়েতুর রহমান মান্না বিষয়টি নিশ্চিত করেছেন।
তাহসিফের বাবা এনায়েতুল করিম জানান, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বাসা থেকে নিচে নামেন তাহসিফ। এরপর আর তিনি বাসায় ফেরেননি। তার মা একাধিকবার ফোন করেও কোনো যোগাযোগ করতে পারেননি।তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পেছনের পরিস্থিতি উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ সাব্বির