ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে মালিক আনা দিন ফিসারিতে বিষ প্রয়োগে আনুমানিক প্রায় ১২ লাখ টাকার মাছ নিধন, থানায় অভিযোগ

ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে মালিক আনা দিন ফিসারিতে বিষ প্রয়োগে আনুমানিক প্রায় ১২ লাখ টাকার মাছ নিধন, থানায় অভিযোগ
ছবিঃ মোঃ রফিকুল

দৈনিক বিজয় নিউজ ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ  প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া গ্রামে একটি ফিসারিতে বিষ প্রয়োগ করে প্রায় ১২ লাখ ৩০ হাজার টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (২৯ অক্টোবর) রাতে ফিসারির মালিক মাসুম খান বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ৬০ শতক জমির ওপর মাসুম খানের একটি ফিসারি রয়েছে। প্রতিদিনের মতো বুধবার রাতে মাছকে খাবার দিয়ে তিনি বাড়ি ফিরে যান। বৃহস্পতিবার ভোরে পুকুরে মাছ ভেসে থাকতে দেখে তার সন্দেহ হয়। পরে তিনি দেখতে পান বিষ প্রয়োগের কারণে মাছগুলো মারা গেছে। ভুক্তভোগী মৎস্যচাষি মাসুম খান জানান, গভীর রাতে দুর্বৃত্তরা ফিসারিতে বিষ প্রয়োগ করে। এতে প্রায় ৮০ মণ গুলশা মাছ মারা গেছে, যার বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। এ ছাড়া রুই, কাতলা, সিলভার কার্প ও মাগুরসহ আরও প্রায় ৩০ হাজার টাকার মাছ মারা গেছে। কয়েক মাসের পরিশ্রম ও বিনিয়োগ এভাবে মুহূর্তেই নষ্ট হয়ে যাওয়ায় তিনি গভীরভাবে বাকরুদ্ধ এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার দাবি করেছেন। স্থানীয় বাসিন্দা ও মৎস্যচাষিদের ধারণা, এটি একটি পরিকল্পিত নাশকতা। শত্রুতা কিংবা অন্য কোনো কারণে এই জঘন্য কাজ করা হয়ে থাকতে পারে বলে তারা মনে করছেন। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফিসারির মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রফিকুল